পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটমূলে শুরু হয়েছে দুইদিন ব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব। গতকাল বুধবার সকালে কলেজে চত্বরে ওই উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান। কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক গোলাম রহমান প্রধান। বক্তব্য দেন শিক্ষক পরিষদের সভাপতি আব্দুর রশিদ, বাংলা বিভাগের শিক্ষক এহতেশামুল হক ও আন্দালিব এহসান দোলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে প্রধান অতিথি ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। আজ বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। #



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































